
মানব সময় ডেস্ক :
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির মহাসমাবেশ নজিরবিহীন জনসমাগম ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর পর আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, তাতে চট্টগ্রাম মহানগরী আজ এক জনসমুদ্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের এই ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগম প্রমাণ করেছে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে কতটা ঐক্যবদ্ধ।
সমাবেশে অংশ নেওয়া জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ কৃতজ্ঞতা জানান জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের প্রতি, যাদের উপস্থিতি সমাবেশকে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও ট্রাফিক বিভাগের ভূমিকার প্রশংসা করেন তিনি।পাশাপাশি বিদ্যুৎ ও রেলওয়ে বিভাগসহ অন্যান্য সকল সরকারি দপ্তরের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাবেশের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মেয়র।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, তা চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন যে, চট্টগ্রামের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার আগামী দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও বেগবান করবে।