
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল ভর্তি নীতিমালা ও প্রজ্ঞাপনে একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি নিষিদ্ধ করার সরকারি নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এবং পাঠদান অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে আমরা সরকারের এই বিধিবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।
তবে জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আইনি ও বাস্তব দিক স্পষ্ট হওয়া জরুরি। সরকারি নীতিমালায় পুনঃভর্তি ফি নিষিদ্ধ করা হলেও, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিবছর ‘বার্ষিক সেশন চার্জ’ গ্রহণের সুস্পষ্ট বৈধতা দেওয়া হয়েছে। দেশের প্রায় নিরানব্বই শতাংশ নিবন্ধিত কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো ধরনের সরকারি অনুদান বা এমপিও সুবিধা ছাড়াই পরিচালকদের নিজস্ব অর্থে পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের ভবনভাড়া, শিক্ষক-কর্মচারীদের সম্মানজনক বেতন-ভাতা, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল এবং সরকারি বিভিন্ন করসহ সার্বিক পরিচালন ব্যয় বহন করা উদ্যোক্তাদের জন্য এক বিশাল দায়িত্ব।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা এবং সরকারের নির্ধারিত নীতিমালায় এলাকাভেদে সেশন চার্জ ও টিউশন ফি গ্রহণের যে আইনি অধিকার রাখা হয়েছে, তা মূলত এই প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় নির্বাহের জন্যই। সাধারণ আয়ের অভিভাবকদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে চট্টগ্রাম মডেল স্কুলসহ অধিকাংশ প্রতিষ্ঠানই আইনগত সর্বোচ্চ সীমার পরিবর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সহনীয় ও নামমাত্র বার্ষিক সেশন চার্জ এবং মাসিক টিউশন ফি নির্ধারণ করে থাকে। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন এবং অবকাঠামোগত রক্ষণাবেক্ষণের জন্য এই বিধিসম্মত সেশন চার্জ অপরিহার্য।
তাই পুনঃভর্তি ফি না নেওয়ার প্রজ্ঞাপনকে শতভাগ অনুসরণ করে এবং অভিভাবকদের ওপর কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি না করে, সরকারি বিধিমালার আওতায় বৈধ বার্ষিক সেশন চার্জ ও মাসিক টিউশন ফি গ্রহণের অধিকার নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমেই একদিকে যেমন আইনের শাসন ও স্বচ্ছতা সমুন্নত থাকবে, তেমনি নিজস্ব ব্যয়ে পরিচালিত অনুমোদিত কিন্ডারগার্টেনগুলোর টিকে থাকার পথ সুগম হয়ে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখা অব্যাহত থাকবে।