
মানব সময় ডেস্ক :
একাডেমিক উৎকর্ষ, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতির লক্ষ্যকে সামনে রেখে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম স্যার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হতে হবে।
সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ খালেদ আফজাল স্যার শিক্ষার্থীদের সফলতার জন্য ভালো অভ্যাস (Perfect Habit) গড়ে তোলার ওপর গুরুত্ব দেন । তিনি বলেন, নিয়মিত চর্চা ও সুশৃঙ্খল জীবনযাপন মানুষের অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাসই ধীরে ধীরে তার চরিত্র ও ব্যক্তিত্ব গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের জন্য ইতিবাচক ও কার্যকর অভ্যাস তৈরি করতে হবে। ভালো অভ্যাস ভালো চরিত্র তৈরি করে, আর ভালো চরিত্রই ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি।
সেমিনারে বিশ্ববিদ্যালয় জীবন ও ব্যক্তিত্ব বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি, উদ্যোক্তা ও নেতৃত্ব, বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি, উচ্চশিক্ষা ও স্কলারশিপ এবং গবেষণা ও একাডেমিক ক্যারিয়ার বিষয়ে পৃথক সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নুর-ই-আলম ও অধ্যাপক ড. আব্দুল করিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক জাবেদ হাবিব এবং চট্টগ্রাম লিবার্টি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট উদ্যোক্তা মাহবুবুর রহমান সেলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শুভেচ্ছা বক্তব্য ও সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান এবং সহ-সভাপতি ফজলে হাসান রাফি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, “ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বদা শিক্ষার্থীদের প্রত্যাশা ও আগ্রহকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীবান্ধব ও ফলপ্রসূ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন, প্রত্যাশা ও আগ্রহকে গুরুত্ব দিয়ে এ ধরনের কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রোগ্রাম আয়োজন অব্যাহত থাকবে।”
সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক, অতিথি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।