
ঈদ আসে মেঘ ফুড়ে এক ফালি চাঁদে
ঈদ আসে আনন্দ উপচানো ফাঁদে
এক মাস রোজা শেষে ঈদ আনে খুশি
সারাটা বছর ধরে এই খুশি পুষি।
ঈদ সে তো নয় শুধু হাসিখুশি দিন
এই দিনে ভেদাভেদ হয়ে যায় লীন।
ধনী ও গরিব বলে থাকে না কিছুই
একবোঁটা শতফুল ভুঁইচাঁপা-জুঁই।
ঈদগাহে একসাথে দাঁড়াই সবাই
কোলাকুলি -শুভাশিষে দুহাত বাড়াই
এর বাড়ি-ওর বাড়ি একবাড়ি সব
মিলেমিশে খাওয়া দাওয়া, খুশিকলরব।
ধনীশিশু-পথশিশু থাকে না তফাৎ
সব হাত মিলেমিশে হয় এক হাত।
প্রতিদিন ঈদ যদি হতো পৃথিবীতে
কেউ আর কোনোদিন কাঁপত না শীতে।
অনাহারে, খিদেপেটে থাকত না কেউ
চারিদিকে বয়ে যেত সাম্যের ঢেউ।