বিশেষ প্রতিবেদন :
২৪/০৭/২০২৬খ্রীঃ
মাননীয় শিক্ষা মন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা।
বিষয়: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-উত্তর সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আত্মহত্যা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ (Motivational) কর্মসূচি ও বিশেষ টেকনিক্যাল ট্র্যাকিং ব্যবস্থা গ্রহণের প্রস্তাবনা।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আগামী ২৮ জুলাই ২০২৬ তারিখে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। ফলাফল প্রকাশের এই মুহূর্তটি একদিকে যেমন সফল শিক্ষার্থীদের আনন্দ ও উৎসবের দিন, অন্যদিকে অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া একদল কোমলমতি শিক্ষার্থীর জন্য চরম মানসিক চাপের সময়।
প্রতি বছর আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করি যে, ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাস ও মিষ্টি বিতরণে মেতে উঠলেও, অকৃতকার্য শিক্ষার্থীরা এক গভীর হীনমন্যতা ও মানসিক হতাশায় ভেঙে পড়ে। সামাজিকভাবে সঠিক মানসিক সাপোর্ট না পাওয়া এবং পরিবারের অনাকাঙ্ক্ষিত চাপের কারণে অতীতে অনেক সম্ভাবনাময় প্রাণ অকালে ঝরে গেছে (আত্মহত্যার পথ বেছে নিয়েছে)। এই বছরও ফলাফল প্রকাশের পর যেন কোনো একটি প্রাণেরও অকালপ্রয়াণ না ঘটে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ফলাফল প্রকাশের আগেই পূর্বপ্রস্তুতিমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।
একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবনের সমাপ্তি বা মেধাহীনতা নয়। পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া কোনো অবস্থাতেই জীবনের শেষ নয়। এটি কেবল একটি সাময়িক বিরতি। এই কোমলমতি শিক্ষার্থীদের যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ (Counseling) দেওয়া যায় এবং তাদেরকে কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় যুক্ত করা যায়, তবে তারাই ভবিষ্যতে দেশের শীর্ষ মানবিক ও অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে।
এই সংকট নিরসনে ও প্রতিটি শিক্ষার্থীর জীবন রক্ষায় ফলাফল প্রকাশের পূর্বেই নিম্নলিখিত পদক্ষেপসমূহ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য বিনীত প্রস্তাব পেশ করছি:
প্রস্তাবিত জরুরি পদক্ষেপসমূহ:
১. প্রতিটি বিদ্যালয়ে বিশেষ উদ্বুদ্ধকরণ (Motivational) কর্মসূচি:
ফলাফল প্রকাশের আগের দিন বা একই দিনে প্রতিটি মাধ্যমিক ও সমমানের প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে একটি সংক্ষিপ্ত মোটিভেশনাল ও নির্দেশনামূলক সেশনের আয়োজন করা। এতে শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা দিতে হবে—“রেজাল্ট যা-ই হোক, জীবন সবার আগে।”
২. কারিগরি ও দক্ষতা উন্নয়ন কোর্সে সংযোগ (Technical Skills Pathway):
অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের জন্য বিভিন্ন স্বল্পমেয়াদী কারিগরি/টেকনিক্যাল ট্রেনিং কোর্সের সুযোগ সৃষ্টি করা। যাতে তারা পরবর্তী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পারে।
৩. পুনরায় প্রস্তুতির জন্য বিশেষ কোচিং ও সহায়তা:
যেসব বিষয় বা ট্রেডে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে, বিদ্যালয় পর্যায় থেকেই তাদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিশেষ রিভিশন/কোচিং ক্লাসের নিশ্চয়তা দেওয়া, যাতে তারা পরবর্তীতে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে।
৪. সামাজিক ও স্থানীয় নেটওয়ার্কের সম্পৃক্ততা:
* মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান: ফলাফল প্রকাশের পূর্বের শুক্রবারে (জুম্মার খুতবায়) স্থানীয় মসজিদের ইমামগণ যেন অভিভাবকদের সন্তানদের সাথে সহনশীল আচরণ করা এবং ফলাফল যাই হোক না কেন মানসিকভাবে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।
* জনপ্রতিনিধি ও স্কুল কমিটি: স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান/কাউন্সিলর এবং স্কুল ম্যানেজিং কমিটির প্রধানগণ নিজ নিজ এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
৫. জরুরি হেল্পলাইন ও কাউন্সেলিং:
প্রতিটি বোর্ডে বা জেলা পর্যায়ে মনস্তাত্ত্বিক সহায়তার জন্য একটি ডেডিকেটেড ‘হেল্পলাইন’ বা কাউন্সেলিং টিম সচল রাখা।
মাননীয় মন্ত্রী মহোদয়, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে দীর্ঘকাল কাজের অভিজ্ঞতার আলোকে আমি গভীরভাবে বিশ্বাস করি, সঠিক নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে আমরা এই শিক্ষার্থীদের হতাশাকে সম্ভাবনায় রূপান্তর করতে পারি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, কোনো একটি প্রাণও যেন হতাশায় ঝরে না পড়ে, সেই লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, জনপ্রতিনিধি এবং সমাজিক ধর্মীয় কমিটিকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সরকারি পরিপত্র জারি করতে আপনার সদয় মর্জি হয়।
প্রস্তাবক
(মোঃ আবদুল বাতেন)
অধ্যক্ষ (লিয়েন), গাউছুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং
সাবেক অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব), আসহাব সিরাজ পলিটেকনিক ইন্সটিটিউট, চন্দনাইশ, চট্টগ্রাম।
মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট (প্রতিষ্ঠাতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি)।
সভাপতি, মীপস্ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি পরিচালনা পর্ষদ।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আর আই টি) এবং ইনডিপেনডেন্ট টিভিইটি পলিটেকনিক ইন্সটিটিউট।
সার্টিফাইড ট্রেইনার এন্ড ইন্ডাস্ট্রি এসেসর, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
সার্টিফাইড কম্পিটেন্সি এসেসর লেভেল-০৪, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
★ (অনুলিপি: সংশ্লিষ্ট সকল স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড চেয়ারম্যানবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, জনপ্রতিনিধি ও মসজিদ কমিটিসমূহ)
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy